অধ্যাপক ডা. ডোনার

স্বাস্থ্যসেবায় ইংল্যান্ডের মডেলকে সামনে রেখে কাজ করছে বিএনপি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ইংল্যান্ডের একটি মডেলকে সামনে রেখে স্বাস্থ্যসেবায় বিএনপি কাজ করছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে বিএনপি বদ্ধ পরিকর। আমরা নরসিংদী থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু করেছি পর্যায়ক্রমে সারা দেশের জেলাগুলোতে এই কার্যক্রম পরিচালিত হবে। পরে জেলাগুলোর নেতৃত্বে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে এই সেবা কর্যক্রম চলবে।

বুধবার (০৫ নভেম্বর) দুপুরে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড্যাবের নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম এস এস হাসান আল জামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শকিল, নরসিংদীর সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহসভাপতি হারুন অর রশিদ, বি জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘ ষোল বছর স্বাস্থ্যখাতসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে। যার কারণে সাধারণ মানুষ চিকিসাসেবা থেকে বঞ্চিত হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশের স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। স্বাস্থ্যখাতকে ঢেলে সাজিয়ে একেবারে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়া হবে। মানুষের চিকিসাসেবা সুনিশ্চিত করতে আমরা কাজ করে যাব।

আলোচনা শেষে দেশব্যাপী ডেঙ্গুজর ও চিকনগুনিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণে মশারি বিতরণ করেন অতিথিরা। এ ছাড়া ক্যাম্পে নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থপেডিক বিশেষজ্ঞসহ দিনব্যাপী ৩০ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রায় ১ হাজারের বেশি রোগীকে সেবা প্রদান করা হয়।