বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশ পুনর্গঠনের এক অপূর্ব সুযোগ এবার এসেছে। এমন সুযোগ বার বার আসবে না। তাই এই সুযোগকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে।’ তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘তারা বলছে বিজয়ী হলে জামায়াত ছাড়া অন্য সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। আর আমাদের অবস্থান হলো জনগণের ভোটে আমরা বিজয়ী হলে বিএনপিকেও ক্ষমতার অংশীদার করব।’
ডা. শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি কনভেনশন হলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে বিকেলে সিলেট-৪, ৫ ও ৬ সংসদীয় আসনে জামায়াতের ভোটকেন্দ্র পরিচালনাকারী প্রতিনিধিদের সঙ্গে সমাবেশে বক্তৃতা করে জামায়াত আমির। এই সমাবেশে তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও ষড়যন্ত্র থেমে নেই। আগামী নির্বাচন শুধু দেশের জন্য নয়, ইসলামী আন্দোলনের জন্যও বড় চ্যালেঞ্জ। জনগণ পরিবর্তন দেখতে চায়। এই পরিবর্তন জামায়াত গণপ্রত্যাশা পূরণ করবে। শুধু তাই নয়, জনগণের রায়ে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতি ইসলামের নেয়ামতসমূহ ভোগ করবে। সেই লক্ষ্যে সবাইকে কাজ চালিয়ে যেতে হবে।’
ডা. শফিক আরও বলেন, ‘আগামী নির্বাচনে অনেক বাধা আসতে পারে। কিন্তু এতে ঘাবড়ালে চলবে না। কারণ আমরা আল্লাহর ওপর ভরসা করেই সামনে এগিয়ে যাব। জাতির বৃহত্তর প্রয়োজনে আসন সমঝোতায় জামায়াত ছাড় দেবে। সেজন্য জামায়াতের সব দায়িত্বশীলকে ত্যাগের মানসিকতা লালন করতে হবে।’
জামায়াতের সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি মাশুক আহমদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির ও সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবদুল হান্নান, সিলেট-৫ আসনের প্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট-৪ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদীন, সিলেট-৩ আসনের প্রার্থী মাওলানা লোকমান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ।