পররাষ্ট্র উপদেষ্টা বললেন

আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না

আগামী জাতীয় নির্বাচনে কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে চিঠি দিয়েছে, তাতে কোনো কাজ হবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘এ ধরনের চিঠিতে কোনো কাজ হবে না। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

বাংলাদেশে আসন্ন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানিয়ে গত শনিবার জাতিসংঘকে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ। ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর এ চিঠি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এতে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যেকোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানায় আওয়ামী লীগ।