তুরস্কে চলমান শান্তি সংলাপের মধ্যেই ফের সীমান্ত সংঘাতে জড়িয়েছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। গত বৃহস্পতিবার বিকেলের এই সংঘাতে ৫ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। পাক-আফগান সীমান্তবর্তী আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত এবং আহতরা সবাই আফগান নাগরিক। তবে সীমান্তের ওপারে
পাকিস্তানে কেউ নিহত কিংবা আহত হয়েছে কি না এখনো জানা যায়নি।
আফগান সামরিক বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, সংঘাতের স্থায়িত্ব ছিল মাত্র ১০ থেকে ১৫ মিনিট এবং পাকিস্তান বাহিনী হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে। প্রতিবেশী এবং এক সময়ের ঘনিষ্ঠ মিত্র আফগানিস্তানের সঙ্গে গত কয়েক বছর ধরে তিক্ততা চলছে পাকিস্তানে। বর্তমানে দুদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ২০২১ সালে তালেবান বাহিনী কাবুল দখল এবং সরকার প্রতিষ্ঠা করার পর থেকে শুরু হয়েছে এ অবস্থা। দুদেশের মধ্যে তিক্ততার প্রধান কারণ পাকিস্তানের তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান।