যৌন হয়রানিতে অভিযুক্ত মঞ্জু বললেন ‘তদন্তেই প্রকৃত সত্য সামনে আসবে’

যৌন হয়রানির অভিযোগ তুলে বাংলাদেশের ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছেন জাহানারা আলম। সাবেক এই অধিনায়ক নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন অভিযুক্ত মঞ্জুরুল।

এক ফেসবুক পোস্টে মঞ্জুরুল লিখেছেন, ‘বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্খী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন; যোগাযোগ করছেন। এ বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ।’

মঞ্জুরুল আরও লিখেছেন, ‘বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলো ফেস করবো এবং আমার বক্তব্য তুলে ধরবো। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে আশা করছি। সেসময় পর্যন্ত অনুমানবশত কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সঙ্গে কথা বলব।’