লামিনে ইয়ামাল আবারও স্পেনের জাতীয় দলে

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:২৭ এএম

বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে আগামী আন্তর্জাতিক বিরতিতে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে ম্যাচের জন্য স্পেন জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক চোটের কারণে গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে খেলতে পারেননি এই ১৮ বছর বয়সী ফুটবলার।

চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে বার্সার ৩-৩ ড্র ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে দারুণ নৈপুণ্য দেখান ইয়ামাল। ম্যাচ শেষে তিনি নিজের চোটের অবস্থা নিয়ে ছড়ানো ‘মিথ্যা খবর’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। গত কয়েক সপ্তাহ ধরে তিনি পিউবালজিয়া সমস্যায় ভুগছিলেন।

বার্সা কোচ হানসি ফ্লিক এর আগে স্পেন জাতীয় দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন— তরুণদের শারীরিক অবস্থার যত্ন নেওয়ার দায়িত্ব ক্লাবের মতো জাতীয় দলকেও নিতে হবে। তবে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, ইয়ামালকে দলে নেওয়া ছিল সম্পূর্ণ ‘স্বাভাবিক’ সিদ্ধান্ত।

দে লা ফুয়েন্তে বলেন, ‘চ্যাম্পিয়নস লিগের ম্যাচেই দেখেছেন, সে সম্পূর্ণ ফিট। ফ্লিক নিজেও বলেছেন সে খেলতে প্রস্তুত। সামনে আমাদের দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই সেরা খেলোয়াড়রাই দলে থাকবে। তার বয়স মাত্র ১৮। শরীর এখনো বিকাশমান। ক্লাব ও আমরা মিলেই তাকে সঠিকভাবে গাইড করবো।’

স্পেন আগামী ১৫ নভেম্বর জর্জিয়ার মাঠে খেলবে এবং ১৮ নভেম্বর সেভিয়ায় তুরস্কের বিপক্ষে মাঠে নামবে। গ্রুপ ‘ই’-তে বর্তমানে স্পেন ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

স্পেন স্কোয়াড:

গোলরক্ষক: উনাই সিমন, আলেক্স রেমিরো, দাভিদ রায়া।

ডিফেন্ডার: আইমেরিক লাপোর্তে, দানি ভিভিয়ান, আলেহান্দ্রো গ্রিমালদো, মারকোস ইয়রেন্তে, মারক কুকুরেলা, পাউ কুবার্সি, ডিন হুইজসেন, পেদ্রো পোরো।

মিডফিল্ডার: ফাবিয়ান রুইস, মার্টিন সুবিমেন্দি, মিকেল মেরিনো, আলেইক্স গার্সিয়া, পাবলো বারিওস, আলেক্স বায়েনা, পাবলো ফরনালস।

ফরোয়ার্ড: মিকেল ওয়ারিয়াসাবাল, ইয়েরেমি পিনো, দানি ওলমো, ফারমিন লোপেজ, লামিনে ইয়ামাল, ফেরান তোরেস, সামু আজিেহাওয়া, বরহা ইগলেসিয়াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত