আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল অচেনা ক্রিকেট খেলুড়ে দেশ তিমুর-লেস্তে। কারণ দেশটির হয়ে আন্তর্তজাতিক ক্রিকেট ম্যাচে একসাথে মাঠে নেমেছেন ৫০ বছর বয়সী সুহাইল সাত্তার এবং তার ছেলে ১৭ বছর বয়সী ইয়াহিয়া সুহাইল। গত ৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত একটি ম্যাচে তারা একসঙ্গে খেলেন।
দক্ষিণ–পূর্ব এশিয়ার ছোট এ দেশটি এ বছরই আইসিসির সহযোগী সদস্যপদ পেয়েছে। তাই ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ব্যাটিংয়ে নেমে সাত্তার এবং ইয়াহিয়া জুটিও গড়েন। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এমন ঘটনাও প্রথম। এর আগে সুইজারল্যান্ড নারী দলে মা-মেয়ে—মেটি ফের্নান্দেস ও নাইনা মেটি সাজু—এই বছর ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ একসঙ্গে খেলেছিলেন।
পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের একসাথে খেলার ঘটনা কখনই ঘটেনি। তবে ঘরোয়া ক্রিকেটে বাবা-ছেলের একসঙ্গে খেলার নজির রয়েছে। যেমন—ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ন চন্দরপল ও তার ছেলে ত্যাগনারায়ন চন্দরপল গায়ানার হয়ে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। আবার আফগানিস্তানের মোহাম্মদ নবী ২০২৫ সালের শপাগিজা ক্রিকেট লিগের ফাইনালে নিজের ছেলে হাসান আইসাখিলের বিপক্ষে খেলেছেন।
নিজেদের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ইতিহাস তৈরি হলেও তিমুর-লেস্তে ১০ উইকেটে হেরেছে। বালিতে অনুষ্ঠিত সেই ঐতিহাসিক ম্যাচে আগে ব্যাট করে ৬১ রানে গুটিয়ে যায় তিমুর–লেস্তে। ম্যাচে সুহাইল ও ইয়াহিয়া কিছুক্ষণ একসঙ্গে ব্যাটও করেছেন। ইন্দোনেশিয়া মাত্র চার ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।