রোনালদোর সন্তানরা শুধু বলত ‘মাকে কবে আংটি পরাবে’?

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর রোমান্টিকতা বাইরে ততটা ফুটে ওঠে না। ব্যক্তিগত জীবনেও নাকি তিনি সেরকম রোমান্টিক নন। জর্জিনা রদ্রিগেজের সঙ্গে নয় বছরের সম্পর্ক ও পাঁচ সন্তানকে নিয়ে এবার তিনি মুখ খুলেছেন। সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, কীভাবে তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

গত আগস্টে রোনালদো এবং জর্জিনার আংটি বদল হয়। সেই স্মৃতিচারণ করে রোনালদো বলেন, ‘আমি খুব রোমান্টিক নই। আমি ফুল নিয়ে বাড়ি ফেরার মানুষ নই। কিন্তু আমার নিজের মতো করেই আমি রোমান্টিক। আমার সন্তানরা বিষয়টি (বাগদান) নিয়ে খুব উৎসাহী ছিল। তারা আমাকে বারবার জিজ্ঞেস করছিল, “বাবা, মাকে কবে আংটিটা পরিয়ে দেবে? কবে তাকে বিয়ের কথা বলবে?”’

অবশেষে সেই বিশেষ মুহূর্ত আসে গত আগস্টে। জর্জিনার জন্য আনা হয়েছিল অত্যন্ত দামী একটি আংটি। রোনালদো বলেন, ‘আমি প্রথাগতভাবে হাঁটু গেড়ে বসিনি। আমি শুধু তাকে বলেছি— “আমি তোমাকে চাই এবং তোমাকে বিয়ে করতে চাই।” সে প্রথমে বিশ্বাসই করতে পারেনি। কয়েকবার জিজ্ঞেস করেছে আমি মজা করছি কি না। আমি কাঁদিনি, কিন্তু চোখে জল এসে গিয়েছিল।’

সাক্ষাৎকারে রোনালদো জানান, ফুটবল ক্যারিয়ারের শেষ সময় ঘনিয়ে আসছে এবং তিনি পরিবারকে আরও সময় দিতে চান। বিশেষ করে ছোট মেয়ে বেলাকে খুব মিস করেন। তিনি আরও বলেন, ২০২২ সালে যমজ সন্তানের একজনকে হারানোর বেদনা তাদের দুজনকে আরও কাছাকাছি এনেছে, ‘ওটা ছিল কঠিন সময়। কিন্তু আমরা সেই যন্ত্রণা একসঙ্গে মোকাবিলা করেছি। সেই অভিজ্ঞতা আমাদের সম্পর্ককে আরও গভীর করেছে।’

জর্জিনা সম্পর্কে রোনালদোর উপলব্ধি স্পষ্ট, ‘জিও (জর্জিনা) অনন্য। সে আমার, আমার পরিবারের এবং আমাদের বাড়ির যত্ন নেয়। সে আমাকে বোঝে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। সে আমার জীবন, আমার ভালোবাসা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত