জাহানারা আলমের করা যৌন নিপীড়নের অভিযোগের পর একের পর এক ক্রিকেটাররা মুখ খুলতে শুরু করেছেন। নারী ক্রিকেটাররা বলতে গেলে প্রায় সবাই চুপ। তবে পুরুষ ক্রিকেটাররা দাঁড়াচ্ছেন তাদের নারী সতীর্থের পাশে। এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তাইজুল ইসলাম।
জাতীয় দলের অভিজ্ঞ এই স্পিনার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বোন জাহানারা আলমের ইন্টারভিউ দেখে স্তব্ধ ও মর্মাহত। কোনো নারী বা ব্যক্তির সাথে এমন ঘটনা কখনোই কাম্য নয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। আমার বিশ্বাস দ্রুত তদন্ত শেষে, সেই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিবে বিসিবি। যা অনুকরণীয় হয়ে থাকবে। নিরাপদে থাকুক বাংলাদেশের প্রতিটি মা, বোন ও মানুষ।’
এর আগে গতকাল জাহানারার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল খান এবং মুশফিকুর রহিম। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার দাবি করেন। এছাড়া মাশরাফি এবং তামিম বিসিবির তদন্ত কমিটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। নারী ক্রিকেটারদের মধ্যে একমাত্র রুমানা আহমেদই এখন পর্যন্ত জাহানারার পাশে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন জাতীয় দল থেকে বাদ পড়ে অস্ট্রেলিয়া প্রবাসী হয়ে যাওয়া জাহানারা। এমনকী বিসিবির কাছে বারবার অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার পাননি। বরং তার ওপর অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন মঞ্জুরুল। একটা সময় জাহানারা জাতীয় দল থেকে সরে যেতে বাধ্য হন।
যৌন হয়রানিতে অভিযুক্ত মঞ্জু বললেন ‘তদন্তেই প্রকৃত সত্য সামনে আসবে’
মঞ্জুরুলের চরিত্র ওইরকমই: রুমানা আহমেদ
বিসিবিতে ভরসা নেই মাশরাফীরও; চাইলেন ‘প্রভাবমুক্ত তদন্ত’