পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজনাথের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারবর্জিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘ভুল, শালীনতা ও কূটনৈতিক শিষ্টাচারবর্জিত হিসেবে গণ্য করে বাংলাদেশ সরকার।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম গতকাল রবিবার রাষ্ট্রীয় বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, ‘আমরা মনে করি, জনাব রাজনাথ সিংয়ের মন্তব্য ভুল, কূটনৈতিক শিষ্টাচারের প্রতি শ্রদ্ধাশীল নয়।’

ভারতের মন্ত্রী নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত আলাপচারিতায় বাংলাদেশের সরকার প্রধানকে ‘সতর্কতার সঙ্গে কথা বলার’ জন্য পরামর্শ দেন। রাজনাথ সিং বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না। তবে ইউনূসকে তার বক্তব্যের ব্যাপারে সতর্ক থাকা উচিত।’ সাক্ষাৎকারটি গ্রুপের সংবাদমাধ্যম ফার্স্টপোস্টেও একটি প্রতিবেদনে প্রকাশিত হয়।

প্রধান উপদেষ্টার বিষয়ে রাজনাথ সিংয়ের মন্তব্য সরকারের নজরে এসেছে জানিয়ে মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতা, একে অন্যের বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে পারস্পরিক উপকার সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ বিশ^াস করে দৃষ্টিভঙ্গির পার্থক্য গঠনমূলক ও শ্রদ্ধাশীল আলোচনার মাধ্যমে সর্বোত্তমভাবে সমাধান করা যেতে পারে।