রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়া আমজনতার দলকে আপিল করার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ‘দলটি চাইলে আইন অনুযায়ী আপিল করতে পারে এবং তাদের ঘাটতিগুলো পূরণ করার সুযোগ রয়েছে।’ গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাসী) ও বাংলাদেশ আমজনতার পার্টি এই তিন দলকে নিবন্ধন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইসি। নির্বাচন কমিশনের (ইসি) দল নিবন্ধনের তালিকায় নিজেদের দল ‘আমজনতার দল’ না থাকায় ইসির প্রধান ফটকের সামনে আমরণ অনশনে রয়েছেন দলটির সদস্য সচিব তারেক রহমান। টানা অনশনে তার শারীরিক অবস্থারও অবনতি ঘটেছে। দলের নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
আখতার আহমেদ বলেন, আমরা আইনি দিক থেকে যা বলার, সেটা চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন তারা চাইলে আপিল করতে পারেন। ঘাটতি পূরণ করে দিলে কমিশন সেটা বিবেচনা করবে। আপিল, সংশোধনী, পরিমার্জন, পরিবর্ধন বা সময় বর্ধনএসব তো প্রচলিত প্রথা।
তিনি আরও বলেন, আমি আন্তরিকভাবে আবেদন করব, যেন তারা অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টা এগিয়ে নিয়ে যান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, আপিল কমিশনে বা সচিবালয়ে করা যাবে। চিঠিপত্র তো সচিবালয় থেকেই যায়। সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিল জমা দিতে পারেন, জানান তিনি।
ইসি সচিব জানান, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট আকারে প্রকাশ পেলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি ঠিক করা হবে। তিনি আরও বলেন, আরপিও সংশোধনের পরও আপিলের সুযোগ থাকে, তাহলে সে বিষয়ে কমিশন আইনগত দিক বিবেচনা করবে। আমার বক্তব্য হচ্ছে যে কেউ যদি কোনো বিষয়ে সংক্ষুব্ধ থাকেন, তিনি যে কোনো সময়ে পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন।
পোস্টাল বিডি অ্যাপ সম্পর্কে বলেন, আমাদের প্রবাসী ভোটার অ্যাপ আমরা লঞ্চ করতে চেয়েছিলাম ১৬ নভেম্বর। তো ১৬ নভেম্বরের পরিবর্তে আমরা এখন সেটা করব ১৮ নভেম্বর। মূল কারণ দুটো। একটা হচ্ছে ১৬ নভেম্বর হয়ে গেছে রবিবার। ওইদিন বিশ্বের অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটি। কিন্তু আমাদের এখানে আমরা কাজ করি। তো সেটা বিবেচনা করে দেখা গেল, ১৮ তারিখে করলে বিষয়টা ভালো হয়।