অনন্তর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক এম এ জলিল অনন্তর বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ এনেছেন তারই ‘ট্যালেন্ট হান্ট’ রিয়েলিটি শোর বিজয়ী সাব্বির আহমেদ আরবিন। কয়েক বছর আগে চলচ্চিত্রে শিল্পী সংকট দূর করার কথা বলে অনন্ত জলিল এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। সেখান থেকে ‘হিরো’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েও দীর্ঘ সময় বেকার ছিলেন আরবিন। অবশেষে ‘দিন : দ্য ডে’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেও পর্দায় নিজেকে খুঁজে না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ এই তরুণ মডেল। 

কয়েক বছর আগে ‘দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক’ নামে একটি সিনেমার জন্য অনন্ত জলিল ‘ট্যালেন্ট হান্ট’ আয়োজন করেন, যেখানে সারা দেশ থেকে প্রায় ৩ লাখ প্রতিযোগী অংশ নেয়। এই আয়োজন থেকে ‘হিরো’ ক্যাটাগরিতে চূড়ান্ত হন সাব্বির আহমেদ আরবিন। প্রতারণার অভিযোগ এনে আরবিন বলেন, ‘২০১৫ সালে রিয়েলিটি শো-টি হয়েছিল। সেই শো থেকে আমি হিরো ক্যাটাগরিতে চূড়ান্ত হয়েছিলাম। অনন্ত ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল আমি একটি সিনেমা করব। যে সিনেমায় চুক্তি ছিল সেটি আর নির্মাণ হয়নি।’ 

দীর্ঘ অপেক্ষার পর ‘দিন : দ্য ডে’ সিনেমায় ডাক পাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে আরবিন বলেন, ‘দীর্ঘ সময় পর ‘‘দিন : দ্য ডে‘’ সিনেমার জন্য ডাক পাই। মিটিং করে আমাকে পুলিশ চরিত্রে বাছাই করা হয়। এরপর শুটিং শুরু হয়। শুটিংয়ে কস্টিউম পরে সারাদিন বসে থাকতাম, কিন্তু আমাদের শুটিং হয় না। চার দিন যাবার পর একটা দৃশ্যের শুট হয়। আরও কিছু দৃশ্য হয় অন্যদিন। সবমিলিয়ে আট দিনের মতো শুটিং করি।’ 

আসল হতাশার কথা তিনি জানান সিনেমা মুক্তির পর। আরবিন বলেন, সবকিছু শেষ হওয়ার পর সিনেমাটি মুক্তি পেলে কাছের মানুষদের নিয়ে হলে দেখতে যাই। সবাই জেনে যায়, আমি সিনেমাটিতে কাজ করেছি। কিন্তু হলে গিয়ে হতাশ হই। সবার কাছে খুবই লজ্জায় পড়ে যাই। পুরো সিনেমায় নিজেকে কোথাও খুঁজে পাইনি।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। সব কষ্ট বৃথা গেল। নিজেকে পর্দায় না দেখার কষ্ট বোঝানো যাবে না। এক কথায় বললে, আমি প্রতারণার শিকার হয়েছি।’ 

আরবিনের এই অভিযোগ প্রসঙ্গে কথা বলার জন্য চিত্রনায়ক অনন্ত জলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।