জাতীয় নির্বাচন কেন্দ্র করে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট (আধেয়) ও গুজব প্রতিরোধে একটি বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই ও সত্যতা নিশ্চিতের কাজ করবে।
গতকাল মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সেল গঠনের কথা জানানো হয়।
এতে বলা হয়, প্রধান উপদেষ্টার প্রেস উইং, পিআইবি, বাসস, বিটিআরসিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এনসিএসএ সমন্বয় করে কাজ করবে।
কোনো তথ্য বা আধেয় সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার উৎস যাচাই করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে এনসিএসএ। একই সঙ্গে সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী আধেয় দেখলে তা তাৎক্ষণিকভাবে এনসিএসএকে জানাতে অনুরোধ করা হয়েছে।
দেশের সাইবার পরিসরকে নিরাপদ রাখা সবার দায়িত্ব বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুল বা ভুয়া তথ্য, ফটোকার্ড ও ভিডিও প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদের সচেতন করতে এনসিএসএ সবাইকে অনুরোধ করেছে।
সাইবার অপরাধ প্রতিরোধে এনসিএসএর হেল্পলাইন সার্বক্ষণিক চালু আছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নাগরিকদের বিভিন্ন ধরনের অভিযোগ দেওয়ার জন্য কয়েকটি ই-মেইল ঠিকানা উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। এগুলো হলো, অনলাইন জুয়াসংক্রান্ত অভিযোগ: report_betting@ncsa.gov.bd, ভুয়া তথ্য, গুজব বা বিভ্রান্তিসংক্রান্ত অভিযোগ:
report_misinfo@ncsa.gov.bd, ফেক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর আধেয় ও অনলাইন হয়রানিসংক্রান্ত অভিযোগ:report_harassment@ncsa.gov.bd
এ ছাড়া গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) প্রতিষ্ঠানগুলোয় সাইবার হামলাসংক্রান্ত অভিযোগ করা যাবে report_cii@ncsa.gov.bd মেইলে।