পররাষ্ট্র উপদেষ্টা বললেন

দিল্লির ঘটনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নেই

ভারতের রাজধানী দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় দেশটির কয়েকটি গণমাধ্যম বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রচার করেছে। বাংলাদেশকে জড়িয়ে প্রচারিত এসব সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ভারতীয় গণমাধ্যম কিছু ঘটলেই বাংলাদেশের ওপর দোষ চাপায়, এমনটা উল্লেখ করে তিনি বলেন, দিল্লির লালকেল্লার সামনের ঘটনার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় কয়েকটি পত্রিকার দাবি পাকিস্তানের সংগঠন লস্কর-ই-তৈয়বা এ হামলার ছক বাংলাদেশে করেছে। উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যমের এ কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। বোধবুদ্ধি আছে এমন কোনো লোক এটা বিশ্বাস করবে না।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের গণমাধ্যমের এমন মনগড়া ও দায়সারা প্রতিবেদন দুদেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়। বাংলাদেশ বরাবরই সন্ত্রাস ও জঙ্গিবাদ কোনোভাবেই সহ্য না করার (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করে আসছে।