তিন বছর পর ওপেনিংয়ে দেড়শ; ১০ বছরে সর্বোচ্চ

যে কোনো ফরম্যাটেই ব্যাটিং বাংলাদেশের জন্য এখন আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় সমস্যার জায়গা ওপেনিং জুটি। তাই টেস্ট ক্রিকেটে দেড়শ ছাড়ানো একটি ওপেনিং জুটি দেখতে অপেক্ষা করতে হলো সাড়ে তিন বছর। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের ১৬৮ রানের জুটি গত ১০ বছরে বাংলাদেশের সর্বোচ্চ।

আজ বুধবার প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাবলীল শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান। ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে ৪৯ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন বাঁহাতি ওপেনার সাদমান। মাত্র ২০.৪ ওভারে বাংলাদেশের ওপেনিং জুটিতে আসে একশ রান। এরপরই ৭২ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন মাহমুদুল হাসান জয়। প্রথম সেশনেই ওঠে বিনা উইকেটে ১০৯ রান।

বাঁহাতি স্পিনার হামফ্রেসের বলে সাদমান উইকেটের পেছনে ক্যাচ দিলে ভাঙে ১৬৮ রানের ওপেনিং জুটি। ২০১৫ সালের পর টেস্টে বাংলাদেশের এটাই সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। এর আগে ১৩বার জুটি বেঁধে এই দুজনের সর্বোচ্চ পার্টনারশিপ ছিল মাত্র ৪৩ রানের। সর্বশেষ ২০২২ সালের মে মাসে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে দেড়শ ছাড়ানো জুটি পেয়েছিল বাংলাদেশ। সেই জুটিতে তামিম ইকবালের সঙ্গী ছিলেন মাহমুদুল।

এর আগে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামা আয়রাল্যান্ড মাত্র ১৪ বল টিকতে পেরেছে। তাদের ইনিংস গুটিয়ে গেছে ২৮৬ রানে। ওপেনার পল স্টার্লিং ৬০ এবং তিনে নামা কেড কারমাইকেল করেছেন ৫৯ রান। বাংলাদেশের হয়ে ২৩ ওভারে মাত্র ৫০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দুটি করে শিকার ধরেছেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম এবং হাসান মুরাদ।