ব্রাজিলের ফুটবলে এলো খারাপ খবর। ব্রাজিল জাতীয় দলের সাবেক তারকা তথা সাও পাওলো এফসির মিডফিল্ডার অস্কার (৩৪) হৃদরোগে আক্রান্ত হয়েছেন। প্রাক-মৌসুম মেডিক্যাল পরীক্ষার সময় তার হৃদযন্ত্রের অনিয়মিত স্পন্দন ধরা পড়ে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত সোমবার সাও পাওলোর বার্রা ফুন্ডা স্পোর্টস কমপ্লেক্সে এই ঘটনা ঘটে্। সাবেক চেলসি ও সাংহাই পোর্ট তারকার এই আকস্মিক অসুস্থতা পুরো ব্রাজিলিয়ান ফুটবলে তোলপাড় সৃষ্টি করেছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্কারের অবস্থা বর্তমানে ‘স্থিতিশীল’ এবং তিনি পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকদের সিদ্ধান্তের ওপরই তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নির্ভর করছে।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গত সোমবার সাও পাওলোর খেলোয়াড়রা নিয়মিত শারীরিক পরীক্ষা দিচ্ছিলেন। এক পর্যায়ে সাইকেল এক্সারসাইজ টেস্টের সময় অস্কার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। মাঠে উপস্থিত ক্লাবের চিকিৎসক দ্রুত পরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। আলবার্ট আইনস্টাইন হাসপাতালের মেডিক্যাল টিম দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়।
২০২৭ সাল পর্যন্ত সাও পাওলোর সঙ্গে চুক্তি আছে অস্কারের। সাও পাওলো ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, অস্কার এবং তার পরিবার সম্মতি দিলে তবেই তার চিকিৎসা বিষয়ক আপডেট প্রকাশ করা হবে। এর আগেও মেরুদণ্ডে আঘাত পাওয়ার পর তার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছিল। সেই সময় অস্কার নিজেই জানিয়েছিলেন, ‘আমার স্বাস্থ্যের ঝুঁকি থাকলে আমি খেলা ছেড়ে দিতে প্রস্তুত।’
নেইমারের বাজে আচরণে সান্তোস সতীর্থরা ক্ষুব্ধ
ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে শতরানের ওপেনিং জুটি
জাতীয় দলে যোগ দিতে কানাডা থেকে দেশে ফিরলেন শমিত সোম