এশিয়ান আরচারির ফাইনালে বাংলাদেশ; প্রতিপক্ষ ভারত

তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ। প্রথমবারের মতো কম্পাউন্ড মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের বন্যা আক্তার ও হিমু বাছাড়ের জুটি। আজ বুধবার (১২ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ১৫৮-১৫৩ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

এদিন ধারাবাহিক নিখুঁত শটে ৩৭-৩৯, ৩৮-৩৯, ৩৯-৪০, ৩৯-৪০ সেটে জয় নিশ্চিত করেন বন্যা ও হিমু। সকালের সেশনে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়াই ছিল কঠিন, কিন্তু ঠাণ্ডা মাথায় শট ধরে রেখে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

টুর্নামেন্টের এলিমিনেশন রাউন্ডে ভুটানকে ১৫৪-১৪৮ পয়েন্টে হারিয়ে দারুণ সূচনা করে বাংলাদেশ দল। এরপর কোয়ার্টার-ফাইনালে ইরানের বিপক্ষে ১৫৪-১৫৪ সমতায় শেষ হওয়া ম্যাচে টাইব্রেকারে ১৯-১৮ ব্যবধানে রোমাঞ্চকর জয় তুলে নেয় বন্যা-হিমু জুটি।ছবি: সংগৃহীত

নিজেদের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত হিমু বাছাড়া বলেন, ‘ফাইনালে উঠেছি, এটা আমাদের দুজনের জন্যই আনন্দের। এর আগে আমরা তিন-চারটি আন্তর্জাতিক ইভেন্ট একসঙ্গে খেলেছি, কিন্তু কোনো পদক পাইনি। এই প্রথমবার ফাইনালে উঠলাম। দেশের জন্য ভালো কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামব।’

অন্যদিকে বন্যা আক্তার বলেন, ‘এ পর্যন্ত আমাদের খুব ভালো ফল হয়নি। আশা করছি এবার হবে। গত বছর ভুটানে ব্যক্তিগত ইভেন্টে রুপা পেয়েছিলাম। জাতীয় দলে আছি নয় বছর ধরে— এবার চাই দেশের জন্য সোনা বয়ে আনতে।’