সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে তদন্তের ঘোষণা বুলবুলের

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনে আমন্ত্রিত সাংবাদিকদের অনেককেই অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই ঘটনার প্রতিবাদে অনুষ্ঠান বর্জন করে সাংবাদিকরা।

আজ বুধবার বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওবার্তায় বুলবুল বলেন, ‘গত ১০ নভেম্বর (সোমবার) একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমি নিজে আপনাদের সেখানে দাওয়াত দিয়েছিলাম। যদিও এই অনুষ্ঠানের প্রস্তুতি ও শেষ হতে হতে একটু সময় লেগে গিয়েছিল।’

বিসিবি সভাপতি এরপর বলেছেন, ‘যখন বাইরে এসে দেখলাম আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও আমন্ত্রণ রক্ষা করার যে কাজ ছিল ক্রিকেট বোর্ডের বা আমার—আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। আপনাদের কথা দিচ্ছি, আমাদের কোন বিভাগের কারণে কেন এই ব্যর্থতাটা এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে, ক্রিকেটের উন্নয়নে ও এগিয়ে যাওয়ায় অন্যতম বড় একটি অংশীদার হচ্ছেন আপনারা। ভুল আমরা করেছি। ভবিষ্যতে চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলে মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন এবং সব সময় আমাদের যেভাবে সহযোগিতা করেছেন আশা করি সেভাবে শুধু সহযোগিতাই করবেন না, আমাদের এই যাত্রার একটি অংশ হয়ে থাকবেন। আপনাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত