আদিবাসী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ

ব্রাজিলে চলমান জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ৩০-এর সম্মেলনস্থলে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জলবায়ু পরিবর্তন রোধে শিগগির ব্যবস্থা গ্রহণ ও বন সুরক্ষার দাবি জানানো এ বিক্ষোভকারীদের কয়েকজন মঙ্গলবার একপর্যায়ে জোর করে ভেতরে ঢুকে পড়লেও পরে নিরাপত্তারক্ষীদের কারণে পিছু হটতে বাধ্য হয়। স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে সম্মেলনস্থলে ঢুকে পড়েন একদল বিক্ষোভকারী। সেখানে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এবারের সম্মেলনটি ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিক্ষোভকারীদের মধ্যে স্থানীয় আদিবাসী ও অ-আদিবাসী জনতাও ছিলেন। তারা জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ ও বন সংরক্ষণের দাবি জানাতে এ কর্মসূচি চালান। একপর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজন সম্মেলনস্থলের মেটাল ডিটেক্টর ভেদ করে ব্লু জোনে ঢুকে পড়েন। জাতিসংঘের নিরাপত্তাকর্মীরা তাদের থামাতে যান। এ সময় বিক্ষোভকারীরা কর্মীদের ধাক্কা দেন ও নানা সেøাগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করছিলেন। ব্যানারে লেখা ছিল, ‘আমাদের বন বিক্রির জন্য নয়।’ কারও কারও গায়ের টি-শার্টে লেখা ছিল ‘জুন্তোস’। স্প্যানিশ এই শব্দের বাংলা করলে দাঁড়ায় ‘একসঙ্গে’। জাতিসংঘের জলবায়ুবিষয়ক মুখপাত্র জানান, এ ঘটনায় দুজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন; সম্মেলনস্থলের সামান্য ক্ষতি হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে তুপিনাম্বা জনগোষ্ঠীর আদিবাসী নেতা নাতো উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা চাই আমাদের ভূমি, কৃষি ব্যবসা, তেল অনুসন্ধান, অবৈধ খনন ও অবৈধ বৃক্ষ নিধন থেকে মুক্ত থাকুক।

তবে সংঘর্ষের কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে এক বিবৃতিতে জাতিসংঘের এক মুখপাত্র বলেন, ব্রাজিল ও জাতিসংঘের নিরাপত্তাকর্মীরা প্রটোকল অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিয়ে স্থানটির নিয়ন্ত্রণ নেন। সম্মেলনস্থলে এই অনুপ্রবেশের জন্য কে বা কারা জড়িত, সেটা স্পষ্ট নয়। তবে এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন পানামার জলবায়ু আলোচক জুয়ান কার্লোস মন্টেরে গোমেজ। এই পর্যবেক্ষক বলেন, অবশেষে এখানে কিছু একটা ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪২ হাজার প্রতিনিধি এ বছরের বার্ষিক জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছেন। নিরাপত্তারক্ষীরা পরে ভেতরে থাকা প্রতিনিধিদের সম্মেলনস্থলের বাইরে যাওয়ার অনুমতি দেন। মেরামতের জন্য কপ ভেন্যুর মূল প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে, বুধবার সকালে এটি খুলে দেওয়া হয় বলে জানিয়েছে জাতিসংঘের জলবায়ু সংস্থা। এ বছরের কপ৩০ সম্মেলনের আলোচনায় আদিবাসী সম্প্রদায়কে অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় অংশ নিতে কয়েক দিন আগে নৌকাযোগে সম্মেলনে পৌঁছে ডজনের বেশি আদিবাসী নেতা। বন ব্যবস্থাপনা নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার পৃথক এক সাক্ষাৎকারে সুপরিচিত এক আদিবাসী নেতা রয়টার্সকে বলেন, আমাজন বনকে ঘিরে চলমান শিল্প ও উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে আদিবাসীদের অনেকেই ক্ষুব্ধ। রাওনিপ্রধান নামে খ্যাত রাওনি মেতুকতিয়ার আমাজনের সুরক্ষায় আদিবাসীদের ক্ষমতায়িত করতে ব্রাজিলের প্রতি আহ্বানও জানিয়েছেন।