গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে আলটিমেটাম

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপির নেতাকর্মীরা। আগামী সাত দিনের মধ্যে গাজীপুর-৬ আসন পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি জানানো হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০টা থেকে টঙ্গী কলেজগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে ওই সমাবেশে সাধারণ মানুষ এসে যোগ দেন। এ আন্দোলনের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চরম জনদুর্ভোগ দেখা দেয়। বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে সকাল থেকেই শত শত মানুষ হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে টঙ্গী কলেজগেট এলাকায় অবস্থান নেন। তারা হাইকোর্টের রায়ে গাজীপুর-৬ আসন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ‘গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে’ সেøাগানে সেøাগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন। একপর্যায়ে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করেন এবং সড়কের মধ্যে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করতে থাকেন।

কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, গাজীপুর-৬ আসন আমাদের প্রাণের দাবি। আদালতের রায়ে এ আসন বাতিল করা মানে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া। আমরা এ সিদ্ধান্ত কোনোভাবেই মানি না।

অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।

সমাবেশে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার বলেন, জাতীয় নির্বাচন যাতে না হয় এবং বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে, এজন্য এটি একটি গভীর ষড়যন্ত্র। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দলের পক্ষ থেকে ডাক আসবে, সবাইকে মাঠে নামতে হবে। গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে, এটা জনগণের প্রাণের দাবি।

বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার বলেন, ১০ নভেম্বর উচ্চ আদালত নির্বাচন কমিশনের গেজেট বাতিল করে দিয়েছে। নির্বাচন কমিশনের কোনো গেজেট পূর্বে কোনো আদালত বাতিল করেনি। আমরা গাজীপুর-৬ আসন পুনর্বহাল চাই। আগামী সাত দিনের মধ্যে গাজীপুর-৬ আসন পুনর্বহাল না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সমাবেশে বিএনপির মনোনয়নপ্রত্যাশী গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিএনপি নেতা প্রভাষক বশির উদ্দিন, আরিফ হাওলাদার, জসিম উদ্দিন ভাট, সরকার জাবেদ আহমেদ সুমন, গাজী সালাহ উদ্দিন, আব্দুর রহিম খান কালা প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই দাবিতে গাজীপুর-৬ আসন রক্ষা কমিটির ব্যানারে জামায়াতে ইসলামীর নেতারা ও সাধারণ নাগরিকরা গাজীপুরা এলাকায় এশিয়া পাম্পের সামনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের ব্যানারে লেখা ছিল ‘গাজীপুর-৬ আসন বহাল থাকুক, নাগরিকরা পাক ন্যায়সেবা।’

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর-৬ আসন বিলুপ্ত করা হলে এ অঞ্চলের নাগরিক সেবা ও উন্নয়ন ব্যাহত হবে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। এতে উপস্থিত ছিলেন এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. হাফিজুর রহমান, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতারা।