ডাবল সেঞ্চুরি করতে না পারায় হতাশ লাগছে: মাহমুদুল

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন মাহমুদুল হাসান জয়। সারা দেশ তাকিয়ে ছিল এই তরুণের ব্যাটের দিকে। তবে ম্যাচের দ্বিতীয় দিন সকালেই তিনি দ্রুত আউট হয়ে যান। শেষ হয় তার ২৮৬ বলে ১৪ চার এবং ৪ ছক্কায় গড়া ১৭১ রানের ইনিংস। ডাবল সেঞ্চুরি না পেয়ে বেশ হতাশাই প্রকাশ করলেন মাহমুদুল।

আজ শুক্রবার আইরিশদের ইনিংস এবং ৪৭ রানে হারানোর পর ম্যাচসেরার পুরস্কার ওঠে মাহমুদুলের হাতে। পুরস্কার নিতে গিয়ে তিনি বলেন, ‘ডাবল সেঞ্চুরি করতে না পারায় হতাশ লাগছে। তবে দিনের শেষে ভালো খেলেছি। সামগ্রিকভাবে খুশি। মুশফিক ভাইয়ের ১০০তম টেস্ট নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এই উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল, আমি নিজের ব্যাটিং কৌশলগুলো সহজ রাখার চেষ্টা করেছি।’

মাহমুদুল এবং সাদমানের প্রশংসা করে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ওপেনিং জুটিটা দারুণ ছিল। আশা করি তারা এভাবেই চালিয়ে যাবে। মুরাদ অনেকদিন ধরে অপেক্ষা করছিল, খুব বেশি সুযোগ পায়নি। সে ফার্স্ট–ক্লাস ক্রিকেটে দারুণ খেলছে। আজ দেখাল, সে কতটা মানসম্পন্ন বোলার—একজন রোমাঞ্চকর স্পিনার। আমরা স্পিন সহায়ক উইকেট চাই না, আমরা চাই স্পোর্টিং উইকেট। পুরো চার দিনই উইকেটটা বেশ ভালো ছিল।’

অন্যদিকে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবার্নি বলেন, ‘এটা আমাদের জন্য কঠিন ছিল। তারা সবক্ষেত্রেই আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা দীর্ঘ সময় লড়াই করতে চেয়েছিলাম। কখনো কখনো তার ঝলকও দেখিয়েছি। আমরা জানি নিজেদের কন্ডিশনে তারা কতটা শক্তিশালী। দক্ষতার দিক থেকে আমাদের আরও উন্নতি করতে হবে, যা সম্ভব হবে বেশি বেশি ম্যাচ খেললে। গত চার দিনে ছেলেরা যেমন লড়াই করেছে, তাতে আমি গর্বিত। আন্তর্জাতিক শীর্ষ পর্যায়ের ক্রিকেটে যত বেশি খেলবে, আমাদের খেলোয়াড়রা তত ভালো হবে।’