ভেনেজুয়েলাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য!

কথিত ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অপারেশন ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সৈন্য সমাবেশের মধ্যেই তিনি এ ঘোষণা দেন। এ এক্স পোস্টে হেগসেথ বলেছেন, পশ্চিম গোলার্ধ হচ্ছে আমেরিকার এলাকা, আমরা একে সুরক্ষিত করবই। দিনকয়েক আগে যুক্তরাষ্ট্র আরেকটি নৌযানে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে এমন খবর সামনে আসার পর হেগসেথের এ ঘোষণা এলো। অবশ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এসব অভিযানের মধ্যদিয়ে ওয়াশিংটন আদতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে ছক কষছে ও অনুশীলন করছে।

এক পোস্টে হেগসেথ বলেন, আজ আমি অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা দিচ্ছি। নেতৃত্বে থাকবে জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার ও সাউথকম, এই অভিযান আমাদের জন্মভূমিকে সুরক্ষিত করবে, আমাদের গোলার্ধ থেকে মাদক-সন্ত্রাসীদের নির্মূল করবে, জন্মভূমিকে মাদকের হাত থেকে রক্ষা করবে, যা আমাদের লোকজনকে মারছে।’

আলজাজিরা বলছে, মার্কিন সাউদার্ন কমান্ড বা সাউথকম যে এলাকার দায়িত্বে তার মধ্যে দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ৩১টি দেশ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সাউথকম বলেছে, ‘জন্মভূমিকে সুরক্ষিত রাখা ও বেআইনি মাদক পাচারে বিঘœ ঘটাতে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে অগ্রাধিকার তার সমর্থনে ক্যারিবীয় অঞ্চলে থাকা আক্রমণাত্মক উভচর নৌযানে কামান থেকে গোলা নিক্ষেপের প্রশিক্ষণ চালিয়েছে মেরিন সেনারা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনসি বলছে, যুক্তরাষ্ট্র গত কয়েক মাসে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে ২০টি হামলা চালায়। এসব হামলায় ৮০ জনের মতো নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ওয়াশিংটন বলছে, তারা মাদক পাচারকারীদের নিশানা বানিয়ে এসব হামলা চালাচ্ছে। তবে তাদের যুক্তির সপক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণই দেয়নি তারা।

মাদকের বিরুদ্ধে অভিযানের লক্ষ্যে এই সৈন্য সমাবেশের কথা বলা হলেও ওয়াশিংটন আদতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে ছক কষছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

সম্প্রতি ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা অজুহাতে ক্যারিবীয় অঞ্চল ও প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলা চালানো এবং তার দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগ এনেছেন।