আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ সাতজনের আয়কর নথি জব্দের নিদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। অন্য যাদের নথি জব্দ করেছে তারা হলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মুজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, সাবেক মন্ত্রী টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশি। ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে এ সাতজনের বিরুদ্ধে পৃথক সাতটি মামলা রয়েছে। মামলার তদন্তের প্রয়োজনে দুদকের তদন্ত কর্মকর্তারা তাদের আয়কর নথি জব্দের আবেদন করেন।