কাদের সিদ্দিকীকে নিয়ে আদালতে লতিফ সিদ্দিকী

শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। গতকাল রবিবার তার ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে সংশ্লিষ্ট আদালতে আসেন তিনি। শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ লতিফ সিদ্দিকীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।

ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফের আবেদনে বলা হয়, লতিফ সিদ্দিকীর বয়স ৮৬ বছর। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত, আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার যে উপাদান থাকা দরকার তা রয়েছে। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। গতকাল মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছে আদালত।

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। গত ৬ নভেম্বর হাইকোর্ট লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্র্বর্তী জামিন দেয়। জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগ দুজনের জামিন বহাল রাখে।