হাসিনার ফাঁসির রায়ে গাইবান্ধায় নফল নামাজ আদায়

মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসিনার ফাঁসির রায়ে গাইবান্ধার পলাশবাড়ীতে নফল নামাজ আদায় ও মিষ্টি বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার রায় ঘোষণার পরপরই পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে দুই রাকাত নফল নামাজ আদায় করেন জামায়াতের নেতাকর্মীরা। 

নামাজে ইমামতি করেন পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. খায়রুল ইসলাম চান।

নামাজ শেষে নেতাকর্মীরা পরস্পরকে মিষ্টিমুখ করান এবং সাধারণ মানুষের মুখেও মিষ্টি তুলে দেন। 

রায়ের প্রতিক্রিয়ায় জামায়াত নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনার নির্দেশে সারাদেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তার সর্বোচ্চ সাজার রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত এ রায় কার্যকর করতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনারও দাবি জানান তারা।

এদিকে, রায়কে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর বা অস্থির পরিস্থিতি এড়াতে সকাল থেকেই পলাশবাড়ী উপজেলা ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া রায় ঘোষণার পর গাইবান্ধার বিভিন্ন উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং একে অপরকে মিষ্টি খাইয়ে উল্লাস প্রকাশ করেন।