আইন মন্ত্রণালয়

রাজনৈতিক মামলা প্রত্যাহারে ফের আবেদন আহ্বান

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য ফের আবেদন আহ্বান করেছে আইন মন্ত্রণালয়। গতকাল সোমবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়।

রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সবার প্রতি পুনরায় আহ্বান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পত্রের সঙ্গে দিতে হবে মামলার বর্তমান অবস্থা উল্লেখ করে মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের স্পষ্ট ফটোকপি। এরপর তা আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটির অনুবিভাগের সলিসিটি বরাবর দাখিল করতে হবে।’

দেশে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিশেষত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের অব্যবহিত পূর্বে এবং পরে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা (যা অনেক ক্ষেত্রে গায়েবি মামলা হিসেবে পরিচিত) প্রত্যাহারে ইতিপূর্বে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটির অনুবিভাগ থেকে দেশের সব পাবলিক প্রসিকিউটর/মহানগর পাবলিক প্রসিকিউটরকে এমন মামলার তালিকা পাঠানোর জন্য বলা হয়। এর পরবর্তী সময়ে মামলা প্রত্যাহারের কার্যক্রম আরও বেগবান ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য জাতীয় দৈনিক পত্রিকায় ‘গণবিজ্ঞপ্তি’ জারি করা হয়।

এ পরিপ্রেক্ষিতে প্রাপ্ত মামলার তালিকা যথাযথভাবে যাচাই-বাছাই শেষে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় পর্যায়ে গঠিত কমিটি কর্তৃক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হচ্ছে। এরই মধ্যে প্রায় ২০ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।