রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কারণে বাংলাদেশের সঙ্গে আরও একটি সিরিজ বাতিল করতে যাচ্ছে ভারত। আগামী ডিসেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে দ্বিপাক্ষিক সিরিজটি স্থগিত কিংবা বাতিল হতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
আইসিসি ফিউচার টুর প্রোগ্রামের অংশ হিসেবে এই সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল। তাছাড়া ২০১৩ সালের এপ্রিলের পর এবারই প্রথম ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশের মেয়েদের। তবে প্রায় এক যুগেরও বেশি সময় পর নিগার সুলতানা জ্যোতিদের সিরিজ খেলার সুযোগ তৈরি হলেও সেটা এখন অনিশ্চয়তার মুখে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘উভয় সরকারের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা এবং নতুন রাজনৈতিক ঘটনাবলীর কারণে সিরিজটি অনুষ্ঠিত হবে না।‘ এর আগে গত আগস্টে ভারতের পুরুষ দলের বাংলাদেশ সফরও স্থগিত হয়েছিল। সেই সময় কূটনৈতিক উত্তেজনাকে কারণ হিসেবে দেখা হলেও দুই বোর্ড যৌথ বিবৃতিতে সিরিজের তারিখ পুনঃনির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছিল। বাস্তবে সেটা আর হয়নি।
সেই সময় বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল যে, ‘উভয় দলের আন্তর্জাতিক ক্রিকেটিং কমিটমেন্ট এবং সময়সূচির সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতকে স্বাগত জানাতে পারব। সিরিজের নতুন তারিখ ও ম্যাচ সূচি যথাযথ সময়ে ঘোষণা করা হবে।’ তবে নারী দলের সিরিজ বাতিলের বিষয়ে বিসিবির কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, বাংলাদেশ সিরিজ বাতিল করে হারমানপ্রীত কৌরদের জন্য নতুন করে একটি হোম সিরিজের আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। প্রতিপক্ষ ঠিক না হলেও ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এই সিরিজ হতে পারে। রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে। গতকাল সোমবার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় উত্তেজনা আরও তীব্র হয়েছে বলে মনে করছে ভারতের গণমাধ্যম।