পূর্ব পাকিস্তানের আর্থসামাজিক ঘটনার গবেষণা হবে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের অনেক গবেষক ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিদিনের আর্থসামাজিক ঘটনাবলি নিয়ে গবেষণা করতে চান। 

গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ করেন। সেখানেই এসব বলেন উপদেষ্টা। উপদেষ্টা জানান, বাংলাদেশ ও পাকিস্তানের বার্তা সংস্থার মধ্যে ইতিমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুদেশের গণমাধ্যমের উন্নয়নে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করতে উপদেষ্টা আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তানের হাইকমিশনারও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। গবেষণার জন্য পাকিস্তান আর্কাইভে সংরক্ষিত আর্থ-সামাজিক গবেষণা সংক্রান্ত ডকুমেন্ট (প্রমাণক) সংগ্রহ করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য তিনি পাকিস্তানের হাইকমিশনারের প্রতি আহ্বান জানান উপদেষ্টা জানান, বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা ডিজিটালাইজেশনের কাজ চলছে।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে পাকিস্তানের হাইকমিশনার বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ যে দলকে নির্বাচিত করবে, পাকিস্তান সরকার সেই দলকে সম্মান জানাবে।

সাক্ষাৎকালে দুদেশের আর্থসামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফসিহ উল্লাহ উপস্থিত ছিলেন।