২৭ বছর পর আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন মরক্কোর দুই তারকা

আফ্রিকার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সিএএফ অ্যাওয়ার্ড ২০২৫ –এ বর্ষসেরার মুকুট পরেছেন মরক্কো তারকা আশরাফ হাকিমি। ৫২ বছর পর এই মহাদেশের সেরা ফুটবলার হলেন কোনো ডিফেন্ডার। নারী ক্যাটাগরিতেও বর্ষসেরা হয়েছেন মরক্কোর গিজলান চেবব্যাক। বুধবার রাতে মরক্কোর রাজধানী রাবাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

গত দুই বছর ধরে শেষ পর্যন্ত এসে পুরস্কার হাতছাড়া হলেও এবার আর পিএসজি তারকা হাকিমিকে ঠেকানো যায়নি। পিএসজির হয়ে তিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, লিগ–১, কুপ দে ফ্রান্স ও উয়েফা সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ–এর ফাইনালে পৌঁছাতেও তার বড় অবদান ছিল। জাতীয় দলকে আগেভাগে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাইয়ে দেওয়ার অন্যতম কারিগর তিনি।ইনজুরির কারণে এভাবেই মঞ্চে আসেন আশরাফ হাকিমি।

২৭ বছর বয়সী এই ডিফেন্ডারের হাতে বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠায় মরক্কোর ফুটবলে নতুন ইতিহাস তৈরি হয়েছে। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে মুস্তাফা হাজ্জি এই পুরস্কার জিতেছিলেন। দীর্ঘ ২৭ বছর পর আবার কোনো মরক্কো খেলোয়াড় এই মর্যাদা ফিরে পেলেন। ইনজুরি আক্রান্ত পায়ে হাসিমাখা মুখে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেন হাকিমি। এ সময় আবেগে তার চোখ ভিজে ওঠে।

নারী বিভাগে গিজলান চেবব্যাকও বছরের সেরা হয়েছেন। তার এই অর্জনও মরক্কোর নারী ফুটবলের উত্থানের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। এই অর্জন মরক্কো ফুটবলের অগ্রগতি এবং আফ্রিকার ফুটবলে তাদের প্রভাব আরও দৃশ্যমান হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।