ইন্দোনেশিয়ার জাভায় ভূমিধসে মৃত্যু বেড়ে ৩০

ইন্দোনেশিয়ার মধ্য জাভার দুটি অঞ্চলে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০-এ দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার বরাত দিয়ে গতকাল শুক্রবার রয়টার্স জানায়, টানা বৃষ্টিপাতের দরুন প্রথমে সিলাচাপ শহরে এবং এর কয়েক দিন পর বানজারনেগারা অঞ্চলে হওয়া ভূমিধসে এখনো ২১ জন নিখোঁজ রয়েছে; তাদের সন্ধানে অভিযান অব্যাহত আছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বানজারনেগারা থেকে উদ্ধারকারীরা আরও সাতটি মৃতদেহ উদ্ধার করেছে; এখনো ১৮ জন নিখোঁজ। দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, ভূমিধসে ওই এলাকায় কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় এক হাজার বাসিন্দাকে।

আরেক ক্ষতিগ্রস্ত অঞ্চল সিলাচাপ থেকে নতুন চারটি মরদেহ উদ্ধার হয়েছে; নিখোঁজ এখনো তিনজন। কর্র্তৃপক্ষ সেখানে উদ্ধার অভিযান আগামী সপ্তাহ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ায় সেপ্টেম্বরে শুরু হওয়া বর্ষাকাল এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা।