শাকিবের ‘প্রিন্স’ সিনেমা নিয়ে শঙ্কা

আগামী রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে শাকিব খানকে নিয়ে জীবনের প্রথম সিনেমা ‘প্রিন্স’-এর শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ। এতে শাকিবের বিপরীতে থাকছেন তাসনিয়া ফারিণ। আরও দুই নায়িকা থাকবেন বলে জানালেও তাদের বিষয়ে এখনও চূড়ান্ত জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। বড় স্কেলে নির্মাণের ঘোষণা দেওয়ায় ছবিটি নিয়ে দর্শক আগ্রহও তুঙ্গে। জানা গেছে, ভারতে হবে সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের শুটিং। 

দেশের গণমাধ্যমে পরিচালক ডিসেম্বরেই শুটিং শুরুর কথা জানিয়েছিলেন। তবে সময়মতো প্রস্তুতি শেষ করা যাবে কিনা, সেটি নিয়েই এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে শুটিং শুরুর অনিশ্চয়তার বিষয়টি উড়িয়ে দিয়ে রোজার ঈদেই ‍সিনেমাটির মুক্তির নিশ্চয়তা দেন।  আবু হায়াত বলেন, 'সব ঠিক থাকলে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রিন্সের শুটিং শুরু করব। যে দুই নায়িকার কথা জানিয়েছিলাম, তাদের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত জানিয়ে দেব। সব ঠিক থাকলে আমরা ঈদুল ফিতরেই প্রিন্সকে মুক্তি দিতে চাই।' 

তবে চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ে শুটিং শুরু করা না গেলে আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি সম্ভব নয়। সে কারণে ছবিটির রিলিজ পরের ঈদে সরিয়ে নেওয়ার কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান।