কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে আসামি ধরার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের একটি গাড়িও।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে চেকপোস্টে তল্লাশির সময় ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছে একটি ছুরি পাওয়া যায়। তাকে গাড়িতে তোলার মুহূর্তে স্থানীয় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর উত্তেজিত হয়ে উঠে। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। হঠাৎ ধস্তাধস্তির মধ্যে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, রবিন ওয়ারেন্টভুক্ত আসামি। চেকপোস্টে তাকে ধরতে গেলে হামলার ঘটনা ঘটে। আমরা এলাকায় অভিযান চালাচ্ছি। থানায় গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, তল্লাশির সময় রবিনের কাছে ছুরি পাওয়া যায়। এ নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনার পর থেকে ধর্মপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।