নতুন নেতৃত্ব পেল বিইসিপিএস

বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটি (বিইসিপিএস)-এর ২০২৫-২০২৭ বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে অধ্যাপক মেহজাবীন হক এবং সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বার্ষিক সভায় তাদের নির্বাচন করা হয়। বার্ষিক সাধারণ সভায় দেশ-বিদেশের ১৫০ জন মনোবিজ্ঞানী অংশগ্রহণ করেন। সভায় সম্প্রতি প্রয়াত মনোবিজ্ঞানী অধ্যাপক হামিদা আখতার বেগমকে স্মরণ করা হয়।

সভার শুরুতে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন মনোবিজ্ঞানী অধ্যাপক শাহীন ইসলাম।

সভায় এডুকেশনাল সাইকোলজি এবং কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে এমএস এবং এমফিল ডিগ্রি সম্পন্ন করায় একজনকে এডুকেশনাল সাইকোলজিস্ট ও তিনজনকে কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে বিইসিপিএস। এডুকেশনাল সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হলেন মোস্তাক আহমেদ ইমরান। অন্যদিকে কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছেন সাদেকা বানু, রাউফুন নাহার এবং মারিয়াম সুলতানা।

প্রসঙ্গত, এডুকেশনাল সাইকোলজি ও কাউন্সেলিং সাইকোলজির ওপরে এমএস ও এম ফিল সম্পন্নকারীদের প্রতি বছর পেশাদার সংগঠন বিইসিপিএস পূর্ণাঙ্গ পেশাদার সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।