মধ্যরাতে বাড়িতে পুলিশ আতঙ্কে আসামির মৃত্যু

ফেনীর ফুলগাজীতে ‘গ্রেপ্তার আতঙ্কে’ একটি মামলার এক আসামির মৃত্যু হয়েছে। গত রবিবার রাত দেড়টার দিকে উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তি ওই গ্রামের সৌদি আরব প্রবাসী নুর হোসেন বাবু (৫৪)। প্রতিবেশীর করা একটি মামলার আসামি ছিলেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে স্থানীয় শহীদ নামের এক ব্যক্তির করা মামলার ২ নম্বর আসামি ছিলেন বাবু। গত রবিবার রাত দেড়টার দিকে ফুলগাজী থানা পুলিশ বাবুকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায়। এ সময় বাবু আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নূর হোসেনের বড় ছেলে নূর করিম রিমন অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশীর করা একটি মিথ্যা মামলায় বাবাকে আসামি করা হয়। পুলিশ গভীর রাতে তাকে গ্রেপ্তার করতে বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। দরজার সামনে পুলিশ দেখে ভয়ে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা যান।’ নূর করিম এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা হাসপাতালে যান ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, ‘রাতে তাকে হাসপাতালে আনা হয়েছিল। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’