‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস’ (টিপিএস) কর্মসূচির আওতায় মিয়ানমারের নাগরিকদের জন্য চলমান অস্থায়ী অভিবাসন সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৬ সালের ২৬ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গত সোমবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এই ঘোষণা দেন। তিনি জানান, মিয়ানমারের পরিস্থিতি এখন স্থিতিশীল এবং দেশটির নাগরিকরা নিরাপদে নিজ দেশে ফিরতে পারবেন এমন মূল্যায়নের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নোয়েম আরও বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে টিপিএসকে তার মূল ‘অস্থায়ী’ চরিত্রে ফিরিয়ে আনা হলো। মিয়ানমারের অবস্থার উন্নতি হিসেবে, জরুরি অবস্থা প্রত্যাহার, জাতীয় নির্বাচনের পরিকল্পনার কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। তিনি আরও উল্লেখ করেন, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এবং স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।