জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পেয়েছেন, সেই অভিযোগেও তাদের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
গত ১৭ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন বিচারকের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে। রায়ে একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হলেও আরেকটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয় আদালত। পাশাপাশি মামলার অন্য আসামি ও রাজসাক্ষী (অ্যাপ্রুভার) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছর কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
গত বুধবার এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার কথা জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। প্রসিকিউটর তামীম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা রায় পর্যবেক্ষণ করছি। তবে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি (শেখ হাসিনা ও কামালের) বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘ট্রাইব্যুনালের রায় ঘোষণার ৩০ দিনের মধ্যেই আপিল করতে হয়। তাই আমরা এর মধ্যেই আপিল করব।’