বাউল আবুল সরকারকে গ্রেপ্তার এবং বাউলদের ওপর হামলা-আক্রমণের প্রতিবাদে রাজধানীর শাহবাগে আয়োজিত গানের আর্তনাদ অনুষ্ঠান ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে একদল যুবকের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে আয়োজক এবং অংশগ্রহণকারীরা। ধস্তাধস্তির একপর্যায়ে ভাঙচুর করা হয়েছে সম্প্রীতি যাত্রা নামে সংগঠনের আয়োজিত অনুষ্ঠানটির ব্যাকড্রপ। আয়োজকদের অভিযোগ, পাশেই অনুষ্ঠিত কনসার্ট ফর ঢাকার অনুষ্ঠান থেকে কিছু স্বেচ্ছাসেবক জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এই হামলা চালায়। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে।
আয়োজকদের একজন শিল্পী বিথী ঘোষ বলেন, আয়োজন শুরু হওয়ার সময় জুলাই মঞ্চের নাম নিয়ে একদল লোক এসে আমাদের অনুষ্ঠানের আপত্তি জানান। এখানে তারা হাতাহাতি ও ধাক্কাধাক্কি করেন, কিন্তু আমরা কোনো ধরনের ধাক্কাধাক্কিতে যাইনি। আমরা তাদের বলেছি, আমাদের কাজটা আমাদের করতে দেন, আপনারা আপনাদের মতো কর্মসূচি পালন করেন। পরে ওনারা চলে গেলে অনুষ্ঠান আবার শুরু হয়। বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ জানান, জুলাই মঞ্চ আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। কর্মসূচি শুরুর আগেই তারা বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে ছিল।
শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, আমরা হামলার কোনো অভিযোগ পাইনি, এমন কোনো বিষয় আমাদের নজরে আসেনি।
এদিকে জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা’ এবং ‘জাতীয় সম্প্রীতি বিনষ্টে উদ্ভূত সাংস্কৃতিক চক্রান্ত প্রতিরোধে জুলাই সমাবেশ’-এর আয়োজন করে জুলাই মঞ্চ। জুলাই মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত মাসুম বিল্লাহ বলেন, পাশে আমরা আমাদের কর্মসূচিতে ছিলাম এবং তাদের বুঝিয়েছি ধর্ম নিয়ে কটূক্তিকারীদের পক্ষ নিয়ে যাতে কোনো অনুষ্ঠান না করে। কিন্তু তারা তা শোনেনি। এরা যেকোনোও পরিস্থিতিতে মেয়েদের সামনে দিয়ে এগিয়ে আসে। এরা মেয়ে নয় সন্ত্রাসী, তাদের সামনে দিয়ে তারা আক্রমণ চালিয়েছে।
উল্লেখ্য, গানের আর্তনাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী অরুপ রাহী, লেখক ও গবেষক নাহিদ হাসান নলেজ, রেবেকা নীলা, শিল্পী অমল আকাশ, বাউল শিল্পী আলমাস সরকার, শিল্পী কৃষ্ণকলি, শিক্ষক শর্মী হোসেন, নাভিনা মুরশিদ, মোশাহিদা সুলতানা ঋতু, সুরেশ্বরী দরবারের দিপূ নূরী সুরেশ্বরী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা।