ফেনী শহরের শাহীন একাডেমি এলাকার হাশেম ম্যানশন নামে একটি তিনতলা ভবনের ছয়টি ফ্ল্যাট ২৭ জনের কাছে বন্ধক দিয়ে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ভবন মালিক আবুল হাসেমের স্ত্রী বিবি আয়েশা ও তার দুই ছেলে আবু ছাইদ মুন্না ও মেহেদী হাছান টাকা নিয়ে পালিয়ে গেছেন। গতকাল শুক্রবার বিকেলে হাশেম ম্যানশনের সামনে প্রতারণার শিকার ১৭ জন ভুক্তভোগী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. আলমগীর বলেন, হাশেম ম্যানশনের মালিক একই পরিবারের বিবি আয়েশা ও তার দুই ছেলে প্রতারণার মাধ্যমে ছয়টি ফ্ল্যাট ২৭ জনের কাছে বন্ধক দিয়ে প্রায় দেড় কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। তারা তাদের বাড়িটি ধাপে ধাপে গোপনীয়ভাবে বিভিন্ন জনের কাছে বন্ধক দেন। বন্ধকদারদের ভাড়ার টাকা নিয়মিত পরিশোধ করার আশ্বাস দেন। গত ২০ অক্টোবর তারা পালিয়ে যান। পরে খরব নিয়ে জানতে পারি তারা এভাবে করে ২৭ জনের কাছে ছয়টি ফ্ল্যাট বন্ধক দেন। বর্তমানে তারা আমাদের পাওনা টাকা দেব দিচ্ছি বলে টালবাহানা করেন। এ বিষয়ে আমরা ফেনী মডেল থানায় ও র্যাবের কাছে বিষয়টি অবগত করেছি। তাদের বিরুদ্ধে আমরা আটজন বন্ধকদার মামলা করেছি। যার মধ্যে বর্তমানে চারটি ওয়ারেন্ট ইস্যু হয়েছে।
ভুক্তভোগী লিপি আক্তার বলেন, আমরা আর্থিকভাবে বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত অনেকে তার সারা জীবনের জমানো টাকা দিয়েছেন, অনেকে তার চাকরির পেনশনের টাকা দিয়েছেন, পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তায় রয়েছে। তিনি বলেন, যদি কেউ প্রতারকদের ধরিয়ে দিতে পারেন তাকে উপযুক্ত আর্থিক সম্মানী দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে। দয়া করে অসংখ্য ভুক্তভোগীদের সহায়তা করুন।
তারা এই পলাতক প্রতারকদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান, যাতে তারা ন্যায়বিচার এবং কষ্টার্জিত অর্থ পুনরুদ্ধারে সহযোগিতা চান।
এ ব্যাপারে বিবি আয়েশা ও তার দুই ছেলে আবু ছাইদ মুন্না ও মেহেদী হাছানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।