কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাঙ্গড্ডা গ্রামের উত্তরপাড়ায় দুর্ঘটনা ঘটে।
মৃত সিরাজুল ইসলাম (৪০) ওই গ্রামের রহমান শেখের ছেলে, পেশায় কসমেটিকস ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বাড়িতে ব্যবসায়ী সিরাজুল ইসলামের নতুন নির্মিত ঘরের বৈদ্যুতিক কাজ চলছিল। ইলেকট্রিশিয়ানরা কিছু পয়েন্টের তার খোলা রেখে চলে যান। সকালে সিরাজুল ঘরে ঢোকার সময় অসাবধানতাবশত একটি খোলা পয়েন্টে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, এ বিষয়ে থানায় কোনো খবর আসেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।