যুক্তরাষ্ট্র যখন তিন বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা করছে; সে সময়টাতে ইউক্রেনের জ্বালানি স্থাপনা ঘিরে বড় ধরনের হামলা চালাল রাশিয়া। গত শুক্রবার রাতে অঞ্চলটির বিভিন্ন স্থানে জ্বালানি অবকাঠামো লক্ষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশ হামলায় গতকাল শনিবার থেকে ইউক্রেনের কিয়েভ অঞ্চলের ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার কারণে রাজধানী কিয়েভে ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। এছাড়াও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্কের পাভলোহরাদ জেলায় আরও দুটি হামলা চালিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৩৬টি ক্ষেপণাস্ত্র ও ৬০০ ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৫ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
শীতের আগেই ইউক্রেনের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শান্তিচুক্তি নিশ্চিতের প্রচেষ্টা চললেও হামলা অব্যাহত রেখেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন সামরিক ও শিল্পপ্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানের কার্যক্রমকে সহায়তা করে এমন জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। কিয়েভের বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করে ডিটেক এনার্জি। শনিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৬০ হাজারের বেশি পরিবারের বিদ্যুৎ-সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি অবকাঠামোর পাশাপাশি রাতভর চালানো হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সকালেও কিয়েভের বিভিন্ন স্থানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় ক্ষতিগ্রস্ত ও আগুন ধরে যাওয়া বিভিন্ন ফ্ল্যাটে জরুরি উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে। কিয়েভের মেয়র বলেছেন, হামলায় ২৯ জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৫৫৮টি ড্রোন ও ১৯টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে কিয়েভসহ বিভিন্ন শহরে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে রুশ বাহিনী। দেশটিতে শীত মৌসুম শুরু হওয়ার আগে বিভিন্ন জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে মস্কো। ফলে ইউক্রেনের অনেক নাগরিককে প্রতিদিনই বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হচ্ছে। আজ রবিবার তাপমাত্রা ২ ডিগ্রি সেলিসিয়াসে নেমে আসতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।