চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহে সময় ও এখন টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা। সোমবার (১ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম উদ দৌলা, যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, ৭১ টেলিভিশনের প্রতিনিধি একেএস রোকন, বাংলাভিশন টেলিভিশনের শাখাওয়াত জামিল দোলন, এশিয়ান টেলিভিশনের ফয়সাল আজম অপু, এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদ।
গত ২৭ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী বাতিলের দাবিতে গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হন সময় টেলিভিশন ও এখন টেলিভিশনের এই দু’ সাংবাদিক। সংবাদ সংগ্রহকালে সাংবাদিক পরিচয় দিলেও তাদের মারধর ও লাঞ্ছিত করা হয়।