দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার সকালে মাদারীপুরে আড়িয়াল খাঁ সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়। মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়। ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় নিহত হন এক পুলিশ সদস্য। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত : মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দীঘলিয়া এলাকার রুহুল আমিনের স্ত্রী কহিনুর আলম (৫০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌটামহল এলাকার আলতাফ শেখের ছেলে মনির শেখ (৪১) ও খুলনার দৌলতপুর উপজেলার আমতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে জামাল হোসেন রুবেল (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসে ওয়েলকাম পরিবহনের একটি বাস। পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর একটি ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনে বেশিরভাগ অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় ১৭ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক এমএম মুনতাসীর মাহমুদ বিকেলে জানান, মরদেগুলো তাদের পরিবারের লোকজনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত : মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের বিলসুনাই চরপাড়া নতুন মসজিদের সামনে এ ঘটনা ঘটে। হাবিবুর আমলসার ইউনিয়নের বিলনাথুর গ্রমের জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের বিলসুনাই চরপাড়া নতুন মসজিদের সামনে পাকা রাস্তার ওপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গরু বহনকারী নাটাগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুরের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অন্য মোটরসাইকেল আরোহী কিশোর ফারদিন ইসলামকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়রা নাটা গাড়ি ও গাড়িচালক বিপ্লবকে আটক করে পুলিশে দেয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত : ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আনিস সকালে মহেশপুরে ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন। পথে তালমিল এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আনিস কোটচাঁদপুর থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর জানান, দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। ট্রাক ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।