আটকে যাচ্ছে ডেপুটি গভর্নরদের বিদেশ সফর

বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নরের মধ্যে তিনজনের বিদেশ সফর আটকে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আটকে দেওয়া বিষয়গুলো নিয়ে ব্যাংকপাড়ায় চলছে নানান গুঞ্জন।

জানা গেছে, চলতি বছরের জুন থেকে নভেম্বর সময়ে চারটি সফরের মধ্যে একটিতেও অংশগ্রহণ করতে পারেননি ডেপুটি গভর্নর কবির আহাম্মদ, মো. হাবিবুর রহমান ও জাকির হোসেন চৌধুরী। এর মধ্যে দুটি অনুষ্ঠানে যাওয়ার কথা ডেপুটি গভর্নর কবির আহাম্মদের। বাকি দুটির একটিতে মো. হাবিবুর রহমান ও আরেকটিতে জাকির হোসেন চৌধুরীর।

নিয়মানুযায়ী গভর্নর ও ডেপুটি গভর্নর ছাড়া বাংলাদেশ ব্যাংকের বাকি সব কর্মকর্তার বিদেশ যাওয়ার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। আর গভর্নর ও ডেপুটি গভর্নরদের বিদেশ যেতে সরকারি আদেশ (জিও) লাগে। অর্থ উপদেষ্টা অনুমোদনের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে চূড়ান্ত করা হয়।

বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত জুলাইয়ে মরক্কোয় ইসলামি অর্থায়ন ব্যবস্থা নিয়ে ইসলামিক ফিন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের (আইএফএসবি) বার্ষিক সভায় যোগ দেওয়ার কথা ছিল ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদের। এর জন্য অনুমতি চেয়েও পাননি তিনি। গত মাসে আইএমএফের খরচে চীনে সংস্থাটির প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে কবির আহাম্মদকে মনোনীত করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু সরকারি অনুমতি না থাকায় তিনি যেতে পারেননি।

এদিকে গত সেপ্টেম্বরে ফ্রান্সে ডিজিটাল লেনদেন ও কার্ড ব্যবস্থা নিয়ে এক কর্মশালায় যোগদানের কথা ছিল ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর। কিন্তু সরকারি অনুমতি না থাকায় যেতে পারেননি তিনি।

অন্যদিকে গত নভেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক দিনের প্রশিক্ষণ কর্মশালায় ডেপুটি গভর্নর হাবিবুর রহমানের অংশগ্রহণের কথা থাকলেও সরকারি জিও জারি না হওয়ায় তিনিও যেতে পারেননি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, সরকারের অনুমতি না থাকায় ডেপুটি গভর্নররা আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশ নিতে পারেননি।