অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলারের জন্য ভাঙা হলো নিয়ম

‘এন্ডগেম’ ছবির ফর্মুলায় ফিরছে মার্ভেল! 

মার্ভেল স্টুডিওজ আবারও প্রমাণ করতে চলেছে, ব্লকবাস্টার বানানো শুধু পর্দার লড়াই নয়, এটা একেবারে নিখুঁতভাবে পরিকল্পিত একটি মার্কেটিং যুদ্ধ। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ক্ষেত্রে ঠিক সেই কারণেই স্টুডিও ফের হাতে তুলে নিচ্ছে তাদের সবচেয়ে সফল অস্ত্র- ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ফর্মুলা! 

এই কৌশলের কেন্দ্রে রয়েছে ছবির প্রথম ট্রেলার মুক্তির সময় নির্বাচন। মনে করা হচ্ছে, ‘ডুমসডে’র প্রথম ট্রেলার নামবে ঠিক এই ডিসেম্বরেই। ২০১৮ সালের ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘এন্ডগেম’-এর প্রথম ট্রেলার, যা ২৪ ঘণ্টায় সর্বাধিক ভিউয়ের বিশ্বরেকর্ড গড়েছিল। সেই ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তি করতেই এবার একই সময়সীমা বেছে নিচ্ছে মার্ভেল। 

এই স্ট্র্যাটেজিকে আরও তীক্ষ্ণ করেছে আরেকটি বড় সংযোগ। জানা গেছে,  ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র প্রথম ঝলক দেখানো হবে জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর আগে। ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ ডিসেম্বর, ২০২৫। অর্থাৎ ডিজনির ছুটির মৌসুমেই সবচেয়ে বড় ছবিই হয়ে উঠবে মার্ভেলের ফেজ সিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবির প্রচারের মঞ্চ। এর ফলে অ্যাভাটার সিনেমার জন্য কাটা প্রতিটি টিকিটেই মিলবে ‘ডুমসডে’ ট্রেলার দেখার সুযোগে। মাল্টিভার্স সাগার সবচেয়ে বড় ছবিকে দর্শকের সামনে আনার জন্য এর চেয়ে পাকা কৌশল আর কীই বা হতে পারে!