কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সরকারি গাড়ির ধাক্কায় ফাইজা আক্তার নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা সহকারী কমিশনার (ভূমি) এর গাড়িটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে প্রাণ হারানো ফাইজাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মা। তিনি বলেন, গাড়িটা খুব দ্রুত আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেল।
দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নিহত ফাইজার বাবা ফাইজুল হক স্থানীয়ভাবে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার তেরদ্রন ইউনিয়নের পুটিয়া গ্রামে।
খবর পেয়ে হোমনার সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসসের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম হোমনা সরকারি হাসপাতালে যান। শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে এসিল্যান্ড নিজেও কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়েই ছুটে এসেছি। শিশুটি আমার সন্তানও হতে পারত। একজন বাবা হিসেবে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে সহায়তা করব। ফাইজার বাবা গাড়িচালকের সর্বোচ্চ শাস্তি, এমনকি ফাঁসির দাবি জানিয়েছেন।
ফাইজার বড় ভাই টিউলিপ প্রশাসন ইন্সটিটিউটের প্লে-গ্রুপের শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. ইব্রাহিম বলেন, সকালে মা–মেয়েকে বিদ্যালয়ে দেখা যায়। কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর আসে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এখনো কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফাইজা আক্তারের মৃত্যুতে পুরো হোমনা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, উপজেলা চত্বরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।