বাড়ি থেকে ডেকে নিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরায় প্রান্তুষ সরকার (৪২) নামে একজন স্বর্ণ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীর দিঘিলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত প্রান্তুষ সরকার উপজেলার বাঁশগাড়ি গ্রামের সাধন সরকারের ছেলে। তিনি বাঁশগাড়ী বাজারে দীর্ঘদিন ধরে জুয়েলারি ব্যবসা করে আসছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে প্রান্তুষ সরকার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় দুই ব্যক্তি এসে তাকে জরুরি কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারা প্রান্তুষকে দিঘিলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে গিয়ে অতর্কিত গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে প্রান্তুষ মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাবি হেনা রানী সরকার বলেন, ‘দুজন লোক এসে আমার দেবরকে ডেকে নিয়ে স্কুল মাঠের দিকে যায়। তাদের একজনের মুখ খোলা ছিল, আরেকজনের মুখ বাঁধা ছিল। আমিও কিছুক্ষণ পর দেবরের খোঁজে মাঠে গিয়েছিলাম। সেখানে পৌঁছানো মাত্রই দেখি তারা পিস্তল বের করে প্রান্তুষকে গুলি করে দ্রুত দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমাদের কোনো শত্রু নেই। যারা ডেকে নিয়ে গেছে, তাদেরও আমরা চিনি না। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’

রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ‘তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে চাঁদা দাবির জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি এবং তদন্তের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছি। নিহতের পরিবারের সঙ্গে বিস্তারিত কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’