আমাদের প্রতিদিনের জীবনযাপন নানা চাহিদা, চাপ ও জটিলতায় পূর্ণ। এতে ভারসাম্য বজায় রাখা এবং সুস্থভাবে এগিয়ে যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে ইসলাম আমাদের জীবনকে সুসংহত, অর্থপূর্ণ ও শান্তিময় করার জন্য কিছু মৌলিক নির্দেশনা দিয়েছে, যা দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে গভীর ইতিবাচক পরিবর্তন আসে। এই নির্দেশনাগুলো শুধু আখেরাতের সফলতার জন্যই নয়, বরং পার্থিব জীবনের সুখ, শান্তি ও সাফল্য অর্জনেরও চাবিকাঠি।
ধৈর্যশীল হওয়া : কোরআনে বলা হয়েছে, ‘ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা আনফাল ৪৬) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কারও জন্য ধৈর্যের চেয়ে উত্তম ও মহান নেয়ামত দেওয়া হয়নি।’ (সহিহ বুখারি) জীবনের চ্যালেঞ্জ, ব্যক্তিগত সংগ্রাম বা বাহ্যিক প্রতিকূলতার মুখে ধৈর্য ধরা ইমানের একটি গুরুত্বপূর্ণ দিক। ধৈর্যশীল হওয়ার মাধ্যমে আমরা মানসিক শান্তি লাভ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।
ক্ষমাশীল হওয়া : কোরআনে বলা হয়েছে, ‘তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি চাও না যে, আল্লাহ তোমাদের ক্ষমা করুন? আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।’ (সুরা নুর ২২) ক্ষমা করা কঠিন হলেও এটি হৃদয়কে হালকা করে এবং আল্লাহর রহমতের পথ খোলে।
নামাজে মনোযোগী হওয়া : কোরআনে বলা হয়েছে, ‘নামাজ শেষ করার পর দাঁড়িয়ে, বসে বা শুয়ে আল্লাহকে স্মরণ করো। আর যখন নিরাপদ হও, তখন নিয়মিত নামাজ কায়েম করো। নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।’ (সুরা নিসা ১০৩) নামাজ ইসলামের মূল স্তম্ভ এবং আমাদের আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দু। নিয়মিত ও মনোযোগের সঙ্গে নামাজ আদায় আমাদের ইমানকে শক্তিশালী করে।
দোয়া করা : কোরআনে বলা হয়েছে, ‘যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, (বলো) আমি সত্যিই তাদের কাছাকাছি। আমি প্রত্যেক আহ্বানকারীর প্রার্থনা শুনি যখন সে আমাকে ডাকে।’ (সুরা বাকারা ১৮৬) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দোয়া হলো সব ইবাদতের মগজ।’ (সহিহ মুসলিম) ফরজ নামাজের পাশাপাশি ব্যক্তিগত দোয়া আল্লাহর সঙ্গে আমাদের আধ্যাত্মিক সংযোগ গভীর করবে।
রাগ নিয়ন্ত্রণ করা : হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে।’ (সহিহ বুখারি) রাগ নিয়ন্ত্রণ আমাদের নফসের (আত্মার) ওপর আধিপত্য এবং সমাজে শান্তি বজায় রাখতে সহায়তা করে। রাগ হলে কয়েক সেকেন্ড থেমে ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ পড়–ন এবং অবস্থান পরিবর্তন করুন।
লেখক : মাদ্রাসাশিক্ষক ও প্রবন্ধকার