বেনিনে সেনা অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস তালনকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার চেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। গতকাল রবিবার একদল সৈন্য রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষমতা দখলের দাবি করে। কর্নেল টিগ্রি পাস্কালের নেতৃত্বাধীন একটি সামরিক কমিটি ক্ষমতা গ্রহণ করেছে বলে ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে তারা দেশের সব জাতীয় প্রতিষ্ঠান বিলুপ্ত করার পাশাপাশি সংবিধান স্থগিত এবং আকাশ, স্থলপথ ও সমুদ্রবন্দর বন্ধের ঘোষণা দেয়।

তবে কয়েক ঘণ্টা পর স্বরাষ্ট্রমন্ত্রী আলাসানে সাইদু জানান, পশ্চিম আফ্রিকার এ দেশের সশস্ত্র বাহিনী অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সরকার জনগণকে স্বাভাবিক নিয়মে তাদের দৈনন্দিন কাজে ফিরে যাওয়ার আহ্বান জানায়। এর আগে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আজাদি বলেন, সৈন্যদের ছোট একটি দল সরকার উৎখাতের চেষ্টা করেছে। তবে প্রেসিডেন্ট প্যাট্রিস তালনের অনুগত বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি বলেন, ওই সেনারা শুধু রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিতে পেরেছে।