কাটারে বিভ্রান্ত করে আবারো ২ উইকেট মোস্তাফিজের, এবার পেলেন জয়

মোস্তাফিজুর রহমান যেন নিজের ছন্দেই থাকেন সব সময়। দল জিতুক বা হারুক, কাটার মাস্টার তাঁর কাজটা করে যান পরিপূর্ণ মনোযোগে। ইন্টারন্যাশনাল টি২০ লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে দল জিততে না পারলেও তিনি বল হাতে ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২ উইকেট আর ২টি ক্যাচ নিয়ে ছিলেন দলের সেরা পারফর্মারদের একজন।

আজও তাঁর ধার কমেনি। আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৩ ওভার বোলিং করে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এবার সৌভাগ্যও সঙ্গ দেয়। শক্তিশালী প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে দুবাই ক্যাপিটালস।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে দাসুন সানাকার দল তোলে ১৮৬ রান। রভম্যান পাওয়েলের ৫২ বলে অনবদ্য ৯৬ রানের ইনিংসে ভর করে ক্যাপিটালস মজবুত স্কোর দাঁড় করায়।

জবাবে শুরুতেই বিধ্বংসী হয়ে ওঠেন ডেভিড উইলি ও মোস্তাফিজ। তাদের আগুনে বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নাইট রাইডার্স। একের পর এক আঘাতে ১০৩ রানে গুটিয়ে যায় জেসন হোল্ডারদের দল।

শুরুতেই মোস্তাফিজ ও উইলির আক্রমণে ব্যাটাররা চাপে পড়লে পরে ওয়াকার সালমানখিলের স্পিনে আরও বিপর্যস্ত হন আন্দ্রে রাসেল, রাদারফোর্ডরা। ধরতে পারেননি কোনো ছন্দই।

দুবাই ক্যাপিটালসের হয়ে সর্বাধিক ৪ উইকেট নেন পাকিস্তানি স্পিনার সালমানখিল। মোহাম্মদ নবি, মোস্তাফিজ ও উইলি—তিনজনই নেন ২টি করে উইকেট। মোস্তাফিজের ধারাবাহিকতা তাই আবারও দলের সাফল্যে বড় ভূমিকা রাখল।