টানা ১০ দিন ঢাকায় স্বাস্থ্য সহকারীরা

নিয়োগবিধি সংশোধন, বেতনবৈষম্য দূরীকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দাবিতে ১০ দিন ঢাকায় অবস্থান করছেন স্বাস্থ্য সহকারীরা। সারা দেশে টিকা কার্যক্রমসহ বিভিন্ন ধরনের সেবা ব্যাহত হচ্ছে।  দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রে সেবা বন্ধ রয়েছে।

গত কয়েক দিনের মতো গতকাল সোমবারও সকাল ১০টায় তারা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এসে জড়ো হন। সেখানে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান করেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য সচিব ফজলুল হক চৌধুরী জানান, লাগাতার কর্মসূচি পালন করতে গিয়ে প্রায় ১০-১৫ জন স্বাস্থ্য সহকারী অসুস্থ হয়ে পড়েছেন।

বরিশাল থেকে কর্মসূচিতে অংশ নেওয়া সহকারী স্বাস্থ্য পরিদর্শক জোসনা বেগম বলেন, ‘১২ কেজি ওজনের ভ্যাকসিন ক্যারিয়ার, রেজিস্টার খাতা, সেফটি বক্স, সিরিঞ্জসহ ব্যাগের বোঝা বইতে হয়। এখন আর পারছি না, দীর্ঘ ৩৪ বছর পর দুই মাস আগে একটি পদোন্নতি পেয়েছি। কিন্তু বেতন এক পয়সাও বাড়েনি। এখন একাই তিনটি ইউনিটের দায়িত্ব পালন করতে হচ্ছে। তাই আমরা আমাদের দাবির বাস্তবায়ন চাই।’

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে গত ২৯ নভেম্বর থেকে শহীদ মিনারে অবস্থান শুরু করেন সারা দেশের স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। সেখানে তিন দিন অবস্থান করেন। গত ২ ডিসেম্বর থেকে অবস্থান শুরু করেন মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে। টানা তিন দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। শুক্র-শনিবার সরকারি বন্ধ ছিল। গত রবিবার সকাল থেকে আবার অবস্থান শুরু করেছেন।